দক্ষিণ গাজা উপত্যকায় অভিযানের সময় ভুলবশত নিজ বাহিনীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার ১৮ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট অফরি ইয়াফে (২১)। তিনি প্যারাট্রুপারস ব্রিগেডের রিকনাইস্যান্স ইউনিটের সদস্য ছিলেন।
আইডিএফের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, খান ইউনিস এলাকার ‘ইয়েলো লাইন’ সংলগ্ন স্থানে হামাসের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে প্যারাট্রুপারস ব্রিগেডের দুটি ইউনিট নিয়মিত তল্লাশি অভিযানে বের হয়। রাত প্রায় ২টার দিকে একটি ইউনিট ভুলবশত অন্য ইউনিটকে শত্রু ভেবে গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইয়াফে। তাকে হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানায় সামরিক কর্তৃপক্ষ।ঘটনাটি তদন্তে সেনাবাহিনী অনুসন্ধান শুরু করেছে।
জেজরিয়েল ভ্যালি আঞ্চলিক পরিষদ এক বিবৃতিতে জানায়, “রাষ্ট্র ও নাগরিকদের রক্ষায় তিনি যুদ্ধে গিয়েছিলেন এবং সেখানেই নিহত হয়েছেন।” পরিষদের প্রধান শ্লোমিত শিহোর রাইখমান তাকে “জীবনপ্রেমী, মূল্যবোধসম্পন্ন ও সাহসী তরুণ” হিসেবে উল্লেখ করেন।
আইডিএফের তথ্য অনুযায়ী, গাজায় স্থল অভিযানের সময় এখন পর্যন্ত ৪৭২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৮০ জন ‘বন্ধুসুলভ গুলি’ বা অন্যান্য দুর্ঘটনায় মারা গেছেন। একই ধরনের ঘটনা ও দুর্ঘটনায় আরও ১ হাজার ৯৩২ জন সেনা আহত হয়েছেন।
সামরিক বাহিনীর মূল্যায়নে বলা হয়েছে, যোগাযোগ ঘাটতি, ক্লান্তি এবং বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ না করাসহ বিভিন্ন কারণে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।
অক্টোবর ২০২৫-এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় এটি পঞ্চম ইসরায়েলি সেনা নিহতের ঘটনা। ১৯ অক্টোবর রাফাহ এলাকায় ফিলিস্তিনি হামলায় মেজর ইয়ানিভ কুলা ও স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াভেৎজ নিহত হন। ওই হামলায় আহত সার্জেন্ট মেজর (রিজার্ভ) আসায়েল বাবাদ পরে মারা যান। ২৮ অক্টোবর রাফাহে আরেক হামলায় মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) ইয়োনা এফ্রাইম ফেল্ডবাউম নিহত হন।









