বায়ার্ন মিউনিখের জার্সিতে ক্রমেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন হ্যারি কেইন। প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছেন আরও ভয়ঙ্কর। সবশেষ ভার্ডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোল করে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার ছন্দময় এই যাত্রায় নতুন করে আলোচনায় উঠেছে, বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে পারবেন কেইন?
জার্মানির শীর্ষ লিগে শনিবার ব্রেমেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পথে দুটি গোল করেন কেইন। তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন এই ইংলিশ ফরোয়ার্ড।
সেই সঙ্গে পেশাদার ফুটবলে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০০ ক্যারিয়ার গোলের অসামান্য কীর্তি গড়েন কেইন।
চলতি মৌসুমে বুন্ডেসলিগায় তার মোট গোল হলো ২২ ম্যাচে ২৬টি। আসরে এখনও বাকি আছে ১২টি ম্যাচ। যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং যেভাবে ফিটনেস ধরে রেখেছেন তিনি; মূলত সেই কারণেই নতুন করে আলোচনা শুরু হয়েছে, এবারই হয়তো রবের্ত লেভানদোভস্কির ৩৪ ম্যাচের বুন্ডেসলিগা মৌসুমের সর্বোচ্চ গোলের (৪১) রেকর্ড ভেঙে দেবেন কেইন।
‘কেইন কি পারবেন এবার রেকর্ডটা ভাঙতে’-ম্যাচের পর এমন প্রশ্নে বায়ার্ন কোচ ভেসোঁ কম্পানি বলেন, “আমার মনে হয়, তার কাছে রেকর্ডের চেয়ে লিগ শিরোপা বেশি গুরুত্বপূর্ণ।”
পরক্ষণেই অবশ্য হাসিমুখে সাবেক বেলজিয়ান ডিফেন্ডার বলেন, “তবে, আমি ভুলও হতে পারি, কারণ আমি তো ডিফেন্ডার ছিলাম, স্ট্রাইকার নয়। সে হ্যারি কেইন। সে সবসময় গোল করেছে এবং সামনেও তাই করবে।”
পরে কেইন নিজেও জানালেন রেকর্ডটি নিয়ে নিজের ভাবনা।
“যেকোনো কিছু সম্ভব, তবে (রেকর্ডটি ছুঁতে) আরও অনেকটা পথ যেতে হবে। এটা অবিশ্বাস্য এক রেকর্ড। এখন আমি খুব ভালো ছন্দে আছি। দলকে সাহায্য করতে পারছি, যা দারুণ ব্যাপার। এপ্রিলে গিয়ে দেখব কী জায়গায় আছি, তখন আমি এটা নিয়ে ভাবতে শুরু করব। কিন্তু, এখন কেবলই সামনের ম্যাচ নিয়ে ভাবনা।”
কেবল বুন্ডেসলিগাতেই নয়, সব প্রতিযোগিতায়ই দারুণ ছন্দে এগিয়ে চলেছেন কেইন। চলতি মৌসুমে সব মিলিয়ে ৩৫ ম্যাচে ৪১ গোল করেছেন ৩২ বছর বয়সী তারকা, সঙ্গে পাঁচটি অ্যাসিস্টও করেছেন।
ব্রেমেনকে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে বায়ার্ন। ২২ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।













